২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না: এ্যানি

চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না: এ্যানি
চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 05:24 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

এদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, “১ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত মাঠে আমরা সরব থাকব। আমরা জানান দেব- ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না। ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে। ফ্যাসিবাদের দাফন হয়েছে। 

“কোনোভাবে ওই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠে এই প্রজন্মকে, আমাকে আপনাকে ধ্বংস করবে সেই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না। সেই ক্ষেত্রে এই প্রজন্মের দায়িত্ব সবচেয়ে বেশি।”

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, হাজী মুসলিম বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়। 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “শিক্ষার্থীরা মায়ের সঙ্গে রাজপথে এসেছিল। মা-বাবার হাত ধরে তারা মাঠে আন্দোলন করেছে। সেই আন্দোলন করতে গিয়ে সারাদেশে হাজার হাজার ছাত্র-জনতাকে আওয়ামী লীগ হত্যা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ খুন করেছে। নারীদেরকে খুন করেছে, সাধারণ মানুষকে খুন করেছে। 

“তখনও তারা চিন্তা করেছিল, ক্ষমতায় থাকতে হবে। এতে আরও যদি লাশ নিতে হয়, আরও যদি রক্ত শোষণ করতে হয়, শেখ হাসিনা সেখানেও দ্বিধা করেননি, চিন্তা করেননি।”

তিনি বলেন, “লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই ঐক্য ইস্পাত কঠিন ঐক্য হতে হবে। এ ব্যাপারে আমাদের মধ্যে ভাগাভাগি-মতভেদ নেই। আমরা সেই ঐক্য সুদৃঢ় করব।” 

কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানা বিএনপর সদস্যসচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম।