০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে লরিতে কভার্ড ভ্যানের ধাক্কা, চালক ও সহকারীর মৃত্যু

উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী লরিটিকে পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

টাঙ্গাইলে লরিতে কভার্ড ভ্যানের ধাক্কা, চালক ও সহকারীর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া কভার্ড ভ্যান।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 02:11 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চলন্ত লরির পেছনে কভার্ড ভ্যানের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন।

শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আজাহার আলীর ছেলে কভার্ড ভ্যানের চালক আলমগীর হোসেন (৩২) এবং ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের মহিদুলের ছেলে চালকের সহকারী শরিফুল ইসলাম (২১)।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকামুখী একটি কভার্ড ভ্যান লরিটির পেছনে ধাক্কা দেয়।

এতে কভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই এর চালক ও সহকারীর মৃত্যু হয় বলে জানান তিনি।

খবর পেয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সাজেদুর রহমান।