২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতন: বেক্সিমকো শ্রমিকদের ফের বিক্ষোভ-অবরোধ

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2024, 11:54 AM

Updated : 26 Aug 2026, 10:56 AM

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর নগরীর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ করছেন।

গাজীপুর শিল্প পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। 

মহাসড়কের গাড়ি চলাচল পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রফিকুল বলেন, “বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”

এর আগে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত শনিবার সকাল থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন বেক্সিমকোর শ্রমিকরা। সারাদিন মহাসড়ক অবরোধ করে রাখার এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে তারা অবরোধ তুলে বাড়ি ফিরে যান। পরে রোববার সকালে তারা জড়ো হয়ে ফের মহাসড়ক অবরোধ করেন।

সোমবার বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচদিন ধরে তাদের বিক্ষোভ চলছে। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে বকেয়া বেতন পাওয়ার কোনো আশ্বাস পাননি।

বেতন পরিশোধ না করলে আন্দোলন চালিয়ে যাবেন এবং বাসায় ফিরবেন না বলেও জানিয়েছেন তারা।  

শিল্প পুলিশের এসআই রফিকুল ইসলাম বলেন, “বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী কাজ করেন। তাদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকরা প্রায় সপ্তাহখানেক ধরে সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।

“সোমবারও একই দাবিতে সড়কে নেমেছে তারা। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক সারাবো এলাকার স্থানীয় এক বাসিন্দা বলছিলেন, শ্রমিকেরা সকাল থেকে ‘খুব বেশি’ উত্তেজিত হয়ে পড়েছে। বহিরাগত কাউকে দেখলেই মোবাইল ‘ছিনিয়ে’ নিয়ে ‘ভেঙে’ ফেলছে।

শ্রমিক বিক্ষোভের প্রসঙ্গে কথা বলতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

এদিকে নবীনগর-চন্দ্রা সড়কেও শ্রমিকদের আন্দোলন চলছে জানান সাভার হাইওয়ে পুলিশের ওসি সওগত উল আলম।

বেতনের দাবিতে ফের সড়ক অবরোধ বেক্সিমকোর শ্রমিকদের