৫১ বছরের ‘অদম্য’ মোরশেদ লড়বেন রাকসু নির্বাচনে
মোরশেদ বলেন, “আমি বিবাহিত, আমার চারটি কন্যাসন্তান আছে। একটি মেয়ের বিয়ে দিয়েছি গত মাসে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫১ বছরের শাহরিয়ার মোরশেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী।
রাকসুতে স্বতন্ত্র একটি প্যানেল থেকে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন তিনি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা মোরশেদ বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
মোরশেদ বলেন, “আমি বিবাহিত, আমার চারটি কন্যাসন্তান আছে। একটি মেয়ের বিয়ে দিয়েছি গত মাসে। পড়াশোনার এই পুরোটা সময় আমি আমার পরিবারের সমর্থন পেয়েছি। বাবা-মা দুইজনই শিক্ষক ছিলেন। আমার মা শুরু থেকেই আমাকে এই ব্যাপারে সমর্থন করেছেন।”
১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু পারিবারিক সমস্যার কারণে স্নাতক পরীক্ষার আগে পড়ালেখা ছেড়ে দিতে হয়। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পর আবার পড়াশোনায় ফেরার সিদ্ধান্ত নেন।
২০১৭ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল থেকে এসএসসি এবং ২০২০ সালে এইচএসসি পাস করেন। একই বছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
নিজেকে ‘সংগ্রামী মানুষ’ অভিহিত করে মোরশেদ বলেন, “আমাকে যারা চেনেন, তারা সংগ্রামী হিসেবেই চেনেন। এই বয়সে তরুণদের সঙ্গে নির্বাচন করতে যাচ্ছি।”
প্রতিদ্বন্দ্বিতার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করে। নির্বাচিত হওয়ার পর তাদের কথার সঙ্গে কাজের মিল থাকে না। তাই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদের হয়ে কথা বলতে চাই।”
নিজের নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে মোরশেদ জানান, তার প্রধান লক্ষ্য হবে সেশনজট শূন্যের কোঠায় নামিয়ে আনা। পাশাপাশি শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা, ডাইনিংয়ে খাবারের মান উন্নয়ন ও মূল্য কমানো এবং ক্যাম্পাসের রাস্তাঘাট সংস্কারের বিষয়ে কাজ করা।
