হলফনামা: আখতারের বছরে আয় ৫ লাখ টাকা, নগদ আছে ১৩ লাখ
তার ৭ লাখ ও স্ত্রীর ১০ লাখ টাকার গহনা আছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ব্যবসা, চাকরি ও কৃষি থেকে বছরে আয় করেন ৫ লাখ ৫ হাজার টাকা। তার নগদ টাকা আছে ১৩ লাখ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি, সঙ্গে দেওয়া হলফনামায় তিনি আয় ছাড়াও স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দিয়েছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, ঢাকার বাংলামোটরে থাকা আখতার পেশায় শিক্ষানবিশ আইনজীবী। তার স্থায়ী ঠিকানা রংপুরের কাউনিয়া উপজেলার সারদা তালুক।
২৮ বছর বয়সী এনসিপির এই নেতার স্ত্রী সানজিদা আক্তার গৃহিনী। তবে তার নগদ টাকা আছে ৪ লাখ।
গণঅভ্যুত্থানের পর এনসিপি গঠনের অন্যতম কারিগর আখতার তার অস্থাবর সম্পদের মূল্য দেখিয়েছেন ২৭ লাখ টাকা। স্ত্রীর আছে ১৬ লাখ টাকার অস্থাবর সম্পদ।
আখতার হোসেনের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১৮ শতাংশ কৃষি জমি, যার বর্তমান মূল্য ২৩ হাজার টাকা দেখিয়েছেন তিনি। ব্যক্তিগত ও সরকারি দায় নেই তার।
নিজের ব্যাংক হিসাবে জমা আছে ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা।
হলফনামা অনুযায়ী, আখতারের ৭ লাখ ও স্ত্রীর ১০ লাখ টাকার গহনা আছে।
বর্তমানে দুইটি মামলায় জামিনে থাকা এনসিপির এই নেতা কৃষি খাত থেকে আয় করেন বছরে ৮৫ হাজার টাকা, ব্যবসা থেকে আসে ১ লাখ ৮০ হাজার টাকা। আর চাকরি থেকে বছরে ২ লাখ ৪০ হাজার টাকা আয়ের তথ্য তিনি হলফনামায় দিয়েছেন।
স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার ১৪ লাখ ৩৫ হাজার ৪০০ টাকার সম্পদ থাকার তথ্য দিয়েছেন তিনি। ২০২৫-২৬ করবর্ষে আয়কর দিয়েছে ১০ হাজার ৫০০ টাকা।
জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে পীরগাছা ও কাউনিয়া নির্বাচনি এলাকা থেকে এনসিপির প্রার্থী আখতারকে সমর্থন জানিয়েছেন জামায়াতের প্রার্থী এ টি এম আজম খান।
আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আখতার হোসেন একক অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে।
এর আগে আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা। পুলিশি নির্যাতন-নিপীড়নেও দমে না যাওয়া ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেন। এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিক।
কাউনিয়া ও পীরগাছা নির্বাচনি এলাকায় স্বাধীনতার পর আওয়ামী লীগ ছয়বার, জাতীয় পার্টি চারবার এবং বিএনপি একবার জয় পেয়েছে।
