২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে একইস্থানে বিএনপির দু’পক্ষের সম্মেলন ঘিরে সংঘর্ষ, আহত ৫

ঘটনার পর দুপক্ষের কর্মী সম্মেলনই বন্ধ করা হয়েছে, বলেন ইউএনও।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2025, 10:16 PM

Updated : 10 Sep 2026, 02:57 PM

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একইস্থানে বিএনপির দুপক্ষের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।  

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

বিকালে একইস্থানে ইউনিয়ন বিএনপির দুই পক্ষের কর্মী সম্মেলন হওয়ার কথা ছিল। ঘটনার পর দুই পক্ষের সম্মেলনই বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।   

স্থানীয়রা জানান, একইস্থানে দুপক্ষের কর্মী সম্মেলন থাকায় সকাল থেকে কাশিল ইউনিয়ন পরিষদ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। 

পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলামের পক্ষের বাথুলীসাদী ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (অব্যাহতিপ্রাপ্ত) মানিক মোহাম্মদ তোহা সমর্থিত নেতাকর্মীরা পরিষদের সামনে কর্মী সম্মেলন করার জন্য চেয়ার ও টেবিল বসানোর প্রস্তুতি নিচ্ছিলেন। 

তখন উপজেলা বিএনপির পক্ষ থেকে কাশিল ইউনিয়ন বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রউফ ও বাথুলীসাদী ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাঞ্চন খানসহ কয়েকজন নেতাকর্মী সেখানে হাজির হন। 

তখন দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে সেখানে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। 

এ ঘটনায় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন। 

এ বিষয়ে মানিক মোহাম্মদ তোহা বলেন, “পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন করার জন্য পরিষদের সামনে চেয়ার ও টেবিল বসানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ করে অন্য পক্ষের রফিকুল ইসলাম ও আব্দুর রউফসহ কয়েকজন নেতাকর্মী এসে বাধা সৃষ্টি করেন। এক পর্যায়ে তারা আমার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আহত হওয়ার পর আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি।” 

রফিকুল ইসলাম বলেন, “প্রায় ১৫ দিন আগে আমরা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের তারিখ নির্ধারণ করেছি। হঠাৎ মানিক মোহাম্মদ তোহাসহ কয়েকজন নেতাকর্মীরা আমাদের কর্মী সম্মেলন বাধাগ্রস্ত করার জন্য হামলা চালায়। এ ঘটনায় আমিসহ চারজন আহত হয়েছি। পরে কর্মী সম্মেলনের তারিখটি বাতিল করা হয়েছে।” 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম বলেন, “কয়েকদিন আগে আমরা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের তারিখ নির্ধারণ করি। পরে সেখানে চেয়ার ও টেবিল বসাতে গেলে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান গ্রুপের নেতাকর্মীরা আমার নেতাকর্মীদের ওপর হামলা চালায়।” 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর বলেন, “কাশিল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের তারিখটি প্রায় ১৫ দিন আগে করা হয়। সম্মেলনটি বানচাল করার জন্য কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগদের সাথে নিয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয়। বিকাল ৩টায় সম্মেলনটি হওয়ার কথা ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আছে।” 

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, “একইস্থানে বিএনপির দুপক্ষের কর্মী সম্মেলনের ডাক দেয়। পরে দুপক্ষের নেতাকর্মীদের মাঝে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, “ঘটনার পর দুপক্ষের কর্মী সম্মেলনটি বন্ধ করা হয়েছে।”