ফেনীতে কভার্ড ভ্যানের ধাক্কায় বাইক আরোহী কলেজ ছাত্রের মৃত্যু
ফেনী থেকে কুমিল্লায় ফেরার পথে মালবাহী কভার্ড ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
ফেনী সদর উপজেলায় কভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ।
নিহত সাইফুল ইসলাম সজীব (১৮) কুমিল্লার ঢালুয়া হোমনাবাদ আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নাঙ্গলকোট উপজেলার কাশিপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, কেনাকাটার জন্য মোটরসাইকেল করে দুইজন ফেনী শহরে এসেছিলেন। কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে মালবাহী একটি কভার্ড ভ্যান ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলের পেছনে বসা সজীব ছিটকে পড়ে মাথায় আঘাত পান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।
ওসি হারুন উর রশিদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ভোরে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত সজীবের ভাই অজ্ঞাতপরিচয়দের আসামি করে থানায় মামলা করেছেন।
