‘জারোতে হাত ঠ্যাংগুলাত ছ্যাংগা ধরছে’
বুধবার সকাল ৬টায় লালমনিরহাটে সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
“জারোতে হাত-ঠাংগুলা ছ্যাংগা ধরে (ঠাণ্ডায় হাত-পা লেগে আসে)। রাইতে ঠিকমতো ঘুম আইসে না। এতো ঠান্ডায় নদী পাড়ের মানুষ কোটনে যাইবে”? কথাগুলো বলছিলেন রংপুরের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন গ্রামের আজিজার মিয়া।
শীতে আজিজার মতো নদী পাড়ের চরাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে ঠেকেছে। ভোর নামতেই লালমনিরহাট যেন ঘন কুয়াশার চাদরে হারিয়ে যায়। রাস্তা, মাঠ, বসতবাড়ি ঢাকা পড়ে সাদা ধোঁয়ার আস্তরণে।
সেই কুয়াশা ভেদ করেই কনকনে ঠান্ডার সঙ্গে লড়াই করে রংপুরের মানুষের দিন শুরু হয়। উত্তরের হিমেল হাওয়ায় এখানে শীত কেবল একটি ঋতু নয়; বরং টিকে থাকার এক কঠিন পরীক্ষায় রূপ নেয়।
বুধবার ভোর থেকেই সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলাজুড়ে কুয়াশার ঘনত্ব ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।
দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিনের বেলায় যানবাহন গুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এতে ভোরে কাজে বের হওয়া দিনমজুর, কৃষক ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বুধবার সকাল ৬টায় লালমনিরহাটে সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় সাড়ে ৮ কিলোমিটার।
তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।
নদীতীরবর্তী চরাঞ্চল ও খোলা প্রান্তরের মানুষের কাছে এই শীত আরও বেশি নিষ্ঠুর হয়ে ওঠে। টিনের চালার ঘর, ফাঁকা দেয়াল আর কয়েক টুকরো পুরোনো কাপড়ই তাদের শীত মোকাবিলার একমাত্র সম্বল।
গভীর রাতে কুয়াশা ঝরে পড়ে বৃষ্টির মতো। ভিজে যায় মাটি, ভিজে যায় শরীর, আর তার সঙ্গে ভিজে যায় জীবনের শেষ আশাটুকুও।
শীতের কারণে অনেক শিশু ঘর থেকে বের হতে পারছে না। বয়স্কদের শরীর কাঁপছে। সন্ধ্যার পর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক ও লোকালয়; থমকে যাচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
আদিতমারী রেলওয়ে স্টেশনের পাশে বুধবার ভোরে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে ছিলেন অটোরিকশা চালক এমদাদুল হক। তার বয়স ৫৫ বছর। শরীরে জড়ানো একটি পুরোনো কম্বল।
কাঁপতে কাঁপতে তিনি বলেন, “সকাল হইলেই শরীর আর সরে না। তাও বাহির হইতে হয়। গাড়ি নিয়ে বাইরে বের না হলে প্যাটোত দানাও যে পরবে না।”
এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাইও। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।
সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন অনেকে। তবে দরিদ্র পরিবারগুলোর অনেকেরই ওষুধ কেনার সামর্থ্য নেই।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনারুল হক বলেন, “শীতকালে শিশু ও বয়স্কদের সুরক্ষায় বাড়তি সতর্কতা জরুরি। ঠান্ডা ও কুয়াশা এড়িয়ে চলতে হবে এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসা নিতে হবে।”
