মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ, শ্বশুর পলাতক
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, অল্প কিছুদিন আগে প্রেম করে কাইয়ুম ও সাথী বিয়ে করেন।
মাদারীপুর সদর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মহিষেরচর গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান।
নিহত সাথী ওই গ্রামের কাইয়ুম বেপারীর স্ত্রী এবং একই এলাকার অহিদুল খানের মেয়ে। কাইয়ুম গ্রামের গোলাম বেপারীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, অল্প কিছুদিন আগে প্রেম করে কাইয়ুম ও সাথী বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরই কাইয়ুম ইতালির উদ্দেশে দেশ ছেড়ে লিবিয়া চলে যান। এর মধ্যেই সাথীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
ঘটনার পর থেকে সাথীর শ্বশুর গোলাম বেপারীর বাড়ি নেই বলে জানায় পুলিশ।
