Published : 09 Jun 2026, 12:16 PM
মাদারীপুর সদর মডেল থানায় আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাত জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা।
তিনি বলেন, একটি মারামারির ঘটনার মামলায় আসামি হিসেবে সোমবার আসামী নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদার ও মো. সবুজকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে আসার পর তাদের স্বজন ও সমর্থকদের একটি দল থানার সামনে জড়ো হয়। এক পর্যায়ে তারা আসামিদের মুক্ত করার দাবিতে বিক্ষোভ শুরু করে এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে থানার আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।
সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে কলে জানান পুলিশের এ কর্মকর্তা।