মুন্সীগঞ্জে শিশু তকির হত্যা মামলা: ৫ জনের যাবজ্জীবন
দোষীদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাবাসে থাকার আদেশ হয়েছে।
মুন্সীগঞ্জে আলোচিত শিশু তকির হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলমগীর এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু জানান।
যাবজ্জীবনের পাশাপাশি দোষীদের দশ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাবাসে থাকার আদেশ দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মুন্সীগঞ্জ সদরের রবিউল্লাহ, হান্নান মিয়া, আবুল হোসেন, ময়না মিয়া ও আনোয়ার হোসেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ৩১ অগাস্ট সকালে সদরের ফুলতলায় ১০ বছরের শিশু তকিরকে বাড়িতে রেখে তার বাবা-মা মুন্সীগঞ্জ শহরে যান। পরে বিকাল ৪টার দিকে বাড়িতে ফিরে এসে শিশুটিকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।
কোথাও খুঁজে না পেয়ে পরের দিন মুন্সীগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে অপহরণ মামলা করেন তকিরের মা ঝর্ণা বেগম।
ঘটনার তিনদিন পর বাড়ির পাশের একটি ডোবায় শিশু তকিরের মরদেহের সন্ধান মেলে।
হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পরদিন পাশের এলাকার রবিউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
রবিউল্লার দেওয়া তথ্যে একে একে এই ঘটনায় জড়িত আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তকিরের গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেওয়ার জন্য তাকে অপহরণ করে হত্যার কথা স্বীকার করেন রবিউল্লাহসহ অন্য আসামিরা।
আসামিদের জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার তিনজন আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেয়।
তবে জামিন পেয়ে পলাতক রয়েছেন দুই আসামি রবিউল্লাহ ও হান্নান মিয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু জানান, এ রায়ে সন্তুষ্ট তকিরের পরিবার।
