ঝিনাইদহে ২ টাকায় মাংস দিয়ে দুপুরের আহার, আনন্দ
বর্তমান দুর্মূল্যের বাজারে এমন আয়োজনের প্রশংসা করেছেন স্থানীয়রা।
ঝিনাইদহ জেলা শহরে দুই টাকার বিনিময়ে হতদরিদ্রদের মুখে দুপুরের খাবার তুলে দিয়েছে প্রগতি স্বেচ্ছাসেবী নামে একটি সংগঠন।
শনিবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ পার্ক প্রাঙ্গণে দুপুরের খাবারের আয়োজন করে সংগঠনটি।
‘তৃপ্তির হাসি ফুটুক ভিক্ষুকদের মুখে মুখে’ এই শ্লোগানে নিয়ে এটি ছিল তাদের প্রতি মাসে আয়োজনের দশম পর্ব।
এ দিন ২০০ জন ভিক্ষুককে মাত্র ২ টাকায় ভাত, সবজি, ডাল ও মুরগির মাংস খাওয়ানো হয়।
২ টাকায় পেট ভরে দুপুরের খাবার, যা স্বপ্নের মত ছিল হতদরিদ্রদের কাছে। তেমনি একজন আব্দুল কুদ্দুস।
তার ভাষ্য, তাদের ভাগ্যে ভালো খাবার জুটে না। দুই টাকায় পেট ভরে মাংস-ভাত, ডাল-সবজি খেতে পেরে খুশি তারা।
‘দুই টাকায় হাসি’ পরিচালনা কমিটির সমন্বয়ক মো. মেহেদী হাসান বলেন, যারা ভালো খাবার পান না, এমন হতদরিদ্র মানুষদের জন্য দুই টাকায় এক বেলা ভালো খাবার খাওয়াতে পেরে তারাও তৃপ্তি পান।
খাবার বিতরণের সময় প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, সাধারণ সম্পাদক এইচএম জহুরুল ইসলাম ছিলেন।
বর্তমান দুর্মূল্যের বাজারে প্রগতি স্বেচ্ছাসেবীদে এ আয়োজনের প্রশংসা করেছেন স্থানীয়রা।
