Published : 09 Sep 2026, 04:13 PM
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল থেকে তাকে আটক করে আশুলিয়া থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুস সাত্তার।
আটক আসাদুল আলম শেখ বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।
আটকের আগে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আসাদুলকে জিজ্ঞাসাবাদ করেন প্রক্টরিয়াল টিম, হল সংসদ ও জাকসুর নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিজ্ঞাসাবাদের সময় প্রক্টরিয়াল টিম আসাদুলের ব্যবহৃত মোবাইল পরীক্ষা করেন। সেখানে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে তার যোগাযোগের তথ্য পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, জাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি এনামুল হক এনামসহ বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে আসাদুলের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে তারা দাবি করেন।
এ ছাড়া জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় জাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগে ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক হোসনে আরার সঙ্গেও আসাদুলের যোগাযোগ ছিল বলে জানা গেছে।
শিক্ষার্থীদের ওপর হামলার ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক হোসনে আরাকে ‘সতর্ক’ করেছিল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আসাদুল যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত একটি অনলাইন নিউজ পোর্টালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। শিক্ষার্থীদের অভিযোগ, ওই পোর্টালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে প্রচারণামূলক সংবাদ প্রকাশ করা হত।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে নিয়েও ওই পোর্টালে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সহকারী প্রক্টর আবদুস সাত্তার বলেন, “আসাদুল এর আগেও ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং এখনো গোপনে সে এই নেটওয়ার্ক রক্ষা করে যাচ্ছে। হল সংসদ ও জাকসুর নেতাদের তথ্য দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পাঠিয়েছেন আসাদুল।
“তাকে আমরা আইনের হাতে তুলে দিয়েছি। তার নামে মামলা হবে এবং রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে।”
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। আসাদুলকে আদালতে উপস্থাপন করা হবে।