২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে নারী নিহত

এ ঘটনায় আরো তিন নারীসহ ১০ জন আহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2025, 12:45 AM

Updated : 26 Aug 2026, 12:03 PM

গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধানের জমিতে সেচের পানি দেওয়া নিয়ে সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার তেঁতুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত শিলা বেগমের বয়স ৩৫ বছর। তিনি তেঁতুলবাড়ি গ্রামের কাওসার মোল্লার স্ত্রী।

এ ঘটনায় আরো তিন নারীসহ ১০ জন আহত হয়েছেন। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল হক বলেন, বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কৃষক শাহিদ মোল্লা ও কাওসার মোল্লার মধ্যে সন্ধ্যায় বাক-বিতণ্ডা হয়।

“এরপর রাত ৮টার দিকে শাহিদ মোল্লার লোকজন কাওসার মোল্লার লোকজনের ওপর হামলা করে। পরে উভয় পক্ষ সংঘর্ষের লিপ্ত হয়।”

সংঘর্ষে চার নারীসহ ১১ জন আহত হয়। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক এমদাদুল বলেন, কোনো পক্ষ এখনো পুলিশে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।