১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে অর্ন্তভুক্ত না করার দাবি

“সামনে আমরা কঠিন আন্দোলনে যাব। আমাদেরকে যদি সরকার বিরক্ত করে আমরাও সরকারকে বিরক্ত করব।”

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ফরিদপুর বিভাগ ঘোষণার প্রক্রিয়ায় শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত করায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে ‘জাগো শরীয়তপুর’ নামের এক সংগঠন।

সোমবার দুপুরে শরীয়তপুর চিকন্দী ফুড পার্কে সংবাদ সম্মেলন করে শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবি জানান তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির হোসেন বলেন, সম্প্রতি ফরিদপুর বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হয়। শরীয়তপুর জেলাকে সেখানে অন্তর্ভুক্ত করার কথা আলোচনা হচ্ছে। 

“তবে শরীয়তপুর জেলা ভৌগোলিকভাবে ঢাকার নিকটবর্তী এবং সামাজিক-অর্থনৈতিকভাবে ঢাকার সঙ্গে জড়িত। তাই শরীয়তপুরবাসী ঢাকা বিভাগে থাকতে চায়।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “আমরা বর্তমান সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই শরীয়তপুরের জনগণের সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি সরকার কোনো উল্টা- পাল্টা সিদ্ধান্ত দেয়, তাহলে আমরাও সরকারের সঙ্গে উল্টা-পাল্টা সিদ্ধান্তে যাব।” 

“সামনে আমরা কঠিন আন্দোলনে যাব। আমাদেরকে যদি সরকার বিরক্ত করে আমরাও সরকারকে বিরক্ত করবো।” 

শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা ‘অযৌক্তিক’ হিসেবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত সরকারের গোপালগঞ্জ কেন্দ্রীক উন্নয়নের ধারাবাহিকতায় এ পরিকল্পনা করা হয়েছে। ফরিদপুরের সাথে নেওয়া হলে শরীয়তপুরবাসী পঞ্চাশ বছর পিছিয়ে পড়বে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু, শরীয়তপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত কাওসার, ইসলামী আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি নুরে আলম সিদ্দিকী, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জীবন আহাম্মেদ, সচেতন নাগরিক সমাজের সভাপতি পারভেজ মোশারফ।