Published : 06 Jun 2026, 05:21 PM
সিলেট নগরীতে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার রাতে নগরীর উপশহর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানিয়েছেন।
আটকরা হলেন- ওই এলাকার আব্দুস শুক্কুর (৭৯) এবং পশ্চিম সুবিদবাজার এলাকার মো. খায়রুল ইসলাম বাবলা (৩৫)। ভুক্তভোগী কিশোরের বয়স ১৫ বছর।
পুলিশ কর্মকর্তা মো. মনজুরুল আলম বলেন, পূর্বপরিচয় থেকে ঘুরতে নেওয়ার কথা বলে ঈদের পরের দিন ওই কিশোরকে নগরীর একটি বাসায় নিয়ে যান তারা। খায়রুল ওই বাসার মালিক।
পরে সেখানে তারা কিশোরকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী কিশোর লজ্জায় প্রথমে বিষয়টি লুকিয়ে রাখতে চাইলেও পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
পারিবারিকভাবে সমাধানের কথা বলে তারা শুক্রবার উপশহর এলাকায় আলোচনায় বসেন। এ সময় এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়।
অতিরিক্ত উপ-কমিশনার আরও বলেন, “ধর্ষণের ঘটনাটি এয়ারপোর্ট থানায় পড়ায় আটক দুইজনকে শাহপারণ থানা থেকে সেখানে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ওই কিশোরের বাবার করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর কথা জানিয়েছেন মহানগর পুলিশের এ কর্মকর্তা।