Published : 24 Jul 2026, 01:27 PM
বরগুনার আমতলীতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর লাশ উদ্ধারের খবর জানান আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন।
ওই নারীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সুপ্রিয়া হালদার আমতলীর কুকুয়া ইউনিয়নের হরি মৃত্যুঞ্জয় এলাকার অজয় চন্দ্র হাওলাদারের স্ত্রী।
তার লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের মা দেপালী রানীর অভিযোগ, “আমার জামাতা অজয় চন্দ্র হাওলাদার তার ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকিয়া করতো। মেয়ে এর প্রতিবাদ করায় তাকে পিটিয়ে হত্যা করেছে।”
এ ঘটনায় অজয়, তার ভাইয়ের স্ত্রী এবং জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন তিনি।
নিহত সুপ্রিয়ার মেয়ে মিথিলা বলছে, “আমার বাবা আমার মাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমি এ ঘটনার বিচার চাই।”
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান রাহাত বলেন, “সুপ্রিয়া নামের ওই নারীকে তার শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”
ওসি ইয়াকুব হোসাইন বলছেন, “এ ঘটনায় নিহত সুপ্রিয়ার মা দেপালী রানী বাদী হয়ে মেয়ের জামাই অজয় চন্দ্র হাওলাদারকে প্রধান আসামি করে সাত জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর রমা রানী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
“ঘটনার পর থেকে অজয় হালদার ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।