২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীকে কুপিয়ে ফেলে যায় ‘ছিনতাইকারী’, হাসপাতালে মৃত্যু

“বাবা এর আগেও একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছেন।”

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 02:17 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছিনতাইকারীদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে তার পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছেন।  

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সরাইল থানার ওসি মোরশেদুল আলম জানান। 

নিহত ৫৫ বছর বয়সী মোস্তফা কামাল ওই গ্রামের আব্দুল মুমিনের ছেলে। কালিকচ্ছ বর্ডার বাজারে একটি মুদি দোকান চালাতেন তিনি। 

স্থানীয়রা বলেন, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথে নন্দিপাড়া সড়কের পাশে ওঁৎ পেতে থাকা ৪-৫ জন ছিনতাইকারী তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে রক্তাক্ত করে। পরে তার সঙ্গে থাকা জিনিসপত্র ও টাকা-পয়সা লুট করে পালিয়ে যায়। 

পরে পথচারীরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকের পরামর্শে মোস্তফা কামালকে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মোহাম্মদ ইফতেখার বলেন, “বাবা এর আগেও একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছেন। আমরা পরিবারের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই দুশ্চিন্তায় ছিলাম। আমার বাবার হত্যার বিচার চাই।”

ওসি মোরশেদুল আলম বলেনম, “হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” 

তবে এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেননি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।