Published : 18 May 2026, 09:00 PM
চাঁদাবাজির অভিযোগে শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বেপারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা সদরের ডাকবাংলো মোড়ে অবস্থিত স্থানীয় দৈনিক শরীয়তপুর খবর পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন নুরুজ্জামান বেপারী।
এতে তিনি লিখিত বক্তব্যে তার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, একটি কুচক্রীমহল তার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন কল্পকাহিনী লিখে ফেইসবুকে অপপ্রচার চালাচ্ছে।
তিনি দলের কাছে পদ ফিরে পাওয়ার আবেদন জানিয়ে বলেন, “যে রামু ঘোষের কাছে চাঁদা দাবি করার কথা বলা হয়েছে; সেই লোক তো অস্বীকার করেছে। তাহলে আমি কিভাবে চাঁদাবাজ হলাম?”