খুলনায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের দুই যাত্রী নিহত
এ সময় আহত হয়েছেন আরও চারজন।
খুলনা নগরীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাসার জানান।
নিহতরা হলেন- হরিণটানার বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা রায়হান (১৬) এবং জুয়েল বাবু (৪০)।
গুরুতর আহত অবস্থায় ইজিবাইকের চালক কবির, যাত্রী টিটু, হাসিব ও নগেন্দ্রনাথ সরকারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ট্রাকটি সাতক্ষীরা থেকে আসছিল আর ইজিবাইকটি বিপরীত দিকে যাচ্ছিল। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরেকজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি শেখ খায়রুল বাসার বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে গেছেন। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
