বগুড়ায় ‘বিয়ে না দেওয়ায় প্রেমিকার’ ভাইকে ছুরিকাঘাতে খুন
“ফাহিমের বোনকে বিয়ে করতে চেয়েছিলেন তনয়। কিন্তু বখাটে হওয়ায় তার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি ফাহিম।”
বগুড়া সদর উপজেলায় ‘বোনের সঙ্গে বিয়ে না দেওয়ায়’ এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠছে প্রেমিকের বিরুদ্ধে।
শনিবার সকাল ৮টায় শহরের মাটিডালি এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইসলাম।
নিহত মো. ফাহিম (১৯) ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় ঢালাই কারখানার শ্রমিক ছিলেন।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ পরিদর্শক মাহফুজ ইসলাম বলেন, “ফাহিমের সঙ্গে তনয় নামের এক যুবকের পূর্ব শত্রুতা ছিল। ফাহিমের বোনকে বিয়ে করতে চেয়েছিলেন তনয়। কিন্তু বখাটে হওয়ায় তার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি ফাহিম। এ নিয়ে আগেও তাদের মধ্যে ঝামেলা হয়েছিল।
“পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা হয়। এ নিয়ে ফাহিমকে একাধিকবার হত্যার হুমকিও দিয়ে আসছিলেন তনয়। সকাল ৮টার দিকে ফাহিমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যান তনয়।”
তিনি বলেন, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
লাশ হাসপাতালের মর্গে রাখা আছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ পরিদর্শক মাহফুজ।
এ ঘটনায় জড়িত যুবককে ধরতে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
