খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বক্তারা বলেন, জামায়াত-শিবিরসহ স্বৈরাচারের উত্তরসূরীরা সারাদেশে ‘মব সন্ত্রাস’ সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে।
‘মব’ তৈরির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে শহরের আদালত সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক ঘুরে মিছিলটি পৌর শাপলা চত্বরে এসে সমাবেশ করে।
এদিন জেলা সদরের চেঙ্গী স্কয়ারে নির্ধারিত সময়ের আগেই হাজারো ছাত্রদলের নেতাকর্মী জমায়েত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপন তৎপরতার মাধ্যমে গুপ্ত সংগঠন হিসেবে পরিচিত জামায়াত-শিবিরসহ স্বৈরাচারের উত্তরসূরীরা সারাদেশে ‘মব সন্ত্রাস’ সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে। তাদের হুঁশিয়ারী করে দেশের মানুষের স্বার্থে গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার, সহসভাপতি বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ, সিনিয়র সহসভাপতি আনিসুল আলম আনিক, দপ্তর সম্পাদক মো. রফিক।
