সহযোদ্ধার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেত্রীর ধর্ষণ মামলা
আসামি সুয়ান আল তালুকদার কাউনিয়া উপজেলার মনষাবাড়ি গলির তালুকদার ভিলার বাসিন্দা।
সহযোদ্ধার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ভিডিও ধারণ এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রী মামলা করেছেন।
বুধবার সংগঠনটির জেলা কমিটির সাবেক নেত্রী মামলাটি করেন বলে কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান।
আসামি সুয়ান আল তালুকদার কাউনিয়া উপজেলার মনষাবাড়ি গলির তালুকদার ভিলার বাসিন্দা। বাদী ও আসামি বরিশালে স্বাস্থ্য খাত রক্ষার আন্দোলনে একসঙ্গে ছিলেন।
মামলার বরাতে ওসি বলেন, আন্দোলন পরবর্তী সময়ে সুয়ানের সঙ্গে ওই নেত্রীর পরিচয় হয়। এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। তারপরই বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটে।
মামলায় বলা হয়, বিয়ের কথা বলায় আসামি বাদীকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেলের হেলমেট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। এতে তার ঠোঁট ফেটে যায়।
বুধবার এ ব্যাপারে মামলা হলেও শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে।
