Published : 03 May 2026, 02:30 PM
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে একজনকে হত্যার ঘটনা ঘটেছে।
শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, রোববার ভোরে ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের পশ্চিম লইয়ারকুল ফোরকানিয়া জামে মসজিদে এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহত হাফিজ উল্লাহ (৮০) একই গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় একটি টং দোকান চালাতেন।
এসআই সজিব বলেন, “ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান হাফিজ উল্লাহ। মসজিদের ইমাম ছুটিতে থাকায় তিনি নিজেই আজান দিয়ে নামাজে ইমামতি করেন।
“নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর সময়, একই এলাকার শওকত আলীর ছেলে জসিম মিয়া পেছন থেকে বলপয়েন্ট কলম দিয়ে তার ওপর আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন।”
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় হাফিজকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পশ্চিম লইয়ারকুল গ্রামের রাহুল মিয়া বলেন, “জসিম মিয়া প্রায়ই হাফিজ উল্লাহর দোকান থেকে বাকিতে পণ্য নিতে চাইতেন। এ নিয়ে শনিবার উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়, যার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জসিমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রগণের প্রক্রিয়া চলছে বলে ওসি জহিরুল ইসলাম জানান।