Published : 02 Nov 2025, 01:55 PM
হবিগঞ্জে জালাল স্টেডিয়ামে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজিত কনসার্টে বিশৃঙ্খলা, হট্টগোল ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শনিবার রাতে হবিগঞ্জ শহরের কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তি) উপলক্ষে আয়োজিত কনসার্টে এ ঘটনা ঘটে বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন।
আয়োজকরা বলেন, দীর্ঘদিন পরিশ্রম করে জেলাবাসীকে ব্যান্ড সংগীত উপভোগ করার সুযোগ করে দেন তারা। যার মূল আকর্ষণ ছিল ব্যান্ড দল ‘লালন’। এতে সন্ধ্যার পর থেকে নারী-পুরুষ দর্শনার্থীতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে জালাল স্টেডিয়াম।
প্রথমেই গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক ও বাধন। পরে রাত ১০টায় মঞ্চে আসে লালন ব্যান্ড। এই ব্যান্ডের শিল্পী নিগার সুলতানা সুমি দুটি গান পরিবেশন করেন। বৃষ্টি উপেক্ষা করে বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেন লাখ খানেক শ্রোতা-দর্শনার্থী।
এ সময় গান পরিবেশনে কিছুটা দেরি হলে দর্শনার্থীদের মধ্যে দেখা দেয় হট্টগোল। হঠাৎ একদল যুবক স্টেইজে বোতল ছুঁড়ে মারে।
এতে বিশৃঙ্খলা দেখা দিলে দুইদল যুবকের মধ্যে চেয়ার ভাঙচুর ও বোতল ছোড়াছুড়ি শুরু হয়। পরিস্থিতি আরও অস্বাভাবিক হয়ে উঠলে আয়োজকরা কনসার্ট বন্ধ করে দেন।
এ সময় অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে শিপন মিয়া, পারুল আক্তার, তানিম, আব্দুল কদ্দুছ, দূর্জয় গোপ, শান্ত দেব, মো. কামরুল হাসান, আকিব চৌধুরী, নূর আলম, সালমান, রাকিব, রাফি তালুকদার, কাউছার মিয়া ও মোজাহিদ মিয়া হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
রজতজয়ন্তি ও পুণর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, “দীর্র্ঘদিন পরিশ্রম করে একটি জমকালো কনসার্ট জেলাবাসীকে উপভোগ করার সুযোগ করে দিয়েছি। চেষ্টা করেছি দর্শকদের আনন্দ দেওয়ার। শেষ মুহূর্তে দর্শকদের উপচে পড়া ভীড়ে কয়েকজন যুবকের মধ্যে হট্টগোল দেখা দেয়।
“তাৎক্ষণিক প্রশাসন এবং আয়োজকদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ফলে বড় ধরনের আহত বা অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।”
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, কনসার্টে লক্ষাধিক দর্শকের উপস্থিতি ঘটলে হট্টগোল দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কোনো ধরণের সংঘর্ষ বা বড় ক্ষয়-ক্ষতি হয়নি।”