নেত্রকোণায় ৩১ দফার সমর্থনে বিএনপির জনসংযোগ
“বিএনপি ক্ষমতায় গেলে যেসব কাজ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করবে তা ৩১ দফার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হয়েছে।”
নেত্রকোণা শহরে ৩১ দফা তুলে ধরে জনসংযোগ কর্মসূচি চালিয়েছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে শহরের মোক্তার পাড়া, ছোটবাজার, তেরী বাজার, বড়বাজার, আরামবাগ, জয়নগর, কুড়পাড়সহ শহরের বিভিন্ন অফিস-আদালতে গণসংযোগ চালান বিএনপির নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আইনজীবী আরিফা জেসমিন নাহিন।
এ সময় জেলা মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
গণসংযোগে আরিফা জেসমিন নাহিন বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। মানুষ ভোট দিতে আগ্রহী হয়ে আছে। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আনবে। বিএনপি ক্ষমতায় গেলে যেসব কাজ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করবে তা ৩১ দফার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হয়েছে।”
নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, “বিএনপি জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এই দেশকে গড়ে তোলতে চায়। দলের প্রতিটি নেতাকর্মী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ৩১ দফার সমর্থনে এই গণসংযোগ প্রচার চালানো হচ্ছে।”
সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বার বার নির্যাতনের শিকার হয়েছি, জেলে গিয়েছি। আমার মত আরও অনেক নেতাকর্মী দলকে ভালবেসে লড়াই-সংগ্রাম-আন্দোলনে সামনের কাতারে থেকেছেন। সবাইকে ঐক্যবদ্ধ করেই আগামী দিনে দলকে ক্ষমতায় নিয়ে যেতে কাজ করতে হবে।”
