২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে শিশুকে পিটিয়ে হত্যা

পিটুনির এক পর্যায়ে ব্যাডমিন্টন খেলা র‌্যাকেটের রড ইয়াছিনের কানের নিচে ঢুকিয়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ।

গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে শিশুকে পিটিয়ে হত্যা
নিহত ইয়াছিন শেখ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 05:59 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে র‌্যাকেট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।

মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটি গ্রামের বালুর মাঠে এ ঘটনা ঘটে বলে জানান তিনি। ঢাকায় ময়নাতদন্ত শেষে লাশ বুধবার ইয়াছিনের গ্রামের বাড়িতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ইয়াছিন শেখ (১২) ওই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে। সে বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জনান, সন্ধ্যার পর চার কিশোর ব্যাডমিন্টন খেলছিল। এ সময় মাঠের পাশে বসে ইয়াছিনসহ আরও তিন থেকে চারজন শিশু-কিশোর তাদের খেলা দেখছিল। খেলায় বরইহাটি আইডিয়াল হাই স্কুলের দশম শ্রেণির এক কিশোর হেরে যায়। 

রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোর ইয়াছিনের নতুন স্যান্ডেলে ধুলাবালি ছিটিয়ে দেয়। এতে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ওই কিশোরকে ঘুষি মারে। এক পর্যায়ে ওই কিশোর তার হাতে থাকা র‌্যাকেট দিয়ে ইয়াছিনকে আঘাত করতে থাকে। ভেঙে গেলে র‌্যাকেটের রড দিয়ে তাকে কোপ দেয় ওই কিশোর।

সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, “র‌্যাকেটের রড ইয়াছিনের কানের নিচ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। প্রথমে তাকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। 

“অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে ইয়াছিন মারা যায়। ঢাকা ময়নাতদন্ত শেষে লাশ গ্রামে আনা হবে।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে; তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ইয়াছিনের ফুফু নাজমা বেগম ও চাচা দেলোয়ার শেখ বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন তারা।