২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নতুন ২ উপ-উপাচার্য পেল রাবি

তাদেরকে এ পদে চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন ২ উপ-উপাচার্য পেল রাবি
অধ্যাপক আব্দুল আলীম (বায়ে) ও অধ্যাপক মামুনুর রশীদ (ডানে)।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 12:04 AM

Updated : 26 Aug 2026, 03:39 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন দুই উপ-উপাচার্য দিয়েছে সরকার। 

বুধবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের শিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম এবং ফার্মেসি বিভাগের শিক্ষক ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক আব্দুল আলীমকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং অধ্যাপক মামুনুর রশীদকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তারা নিজ নিজ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এ ছাড়া তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন তারা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

পরে সন্ধ্যায় দুই উপ-উপাচার্য তাদের দায়িত্বে যোগদান করেন।