চাঁদপুরে নারী-পুরুষের অংশগ্রহণে ‘হাঁটা ম্যারাথন’
ম্যারাথনে পুরুষদের জন্য নির্ধারিত ছিল ৬ কিলোমিটার এবং নারীদের জন্য ৩ কিলোমিটার হাঁটা।
সুস্থ দেহ, সুস্থ মন-হাঁটবো আমি যতক্ষণ- এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ‘হাঁটা ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘চলেন হাঁটির’ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রায় ৩০০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তা আলম পলাশ।
রোববার সকাল সাড়ে ৭টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
উদ্বোধক হিসেবে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
চারটি গ্রুপে আয়োজিত এই হাঁটা ম্যারাথনে পুরুষদের জন্য নির্ধারিত ছিল ৬ কিলোমিটার এবং নারীদের জন্য ৩ কিলোমিটার হাঁটা। শহরের নির্ধারিত সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিযোগিতা সম্পন্ন হয়।
পরে বিজয়ী ১২ জনের হাতে ক্রেস্ট, সনদপত্র ও মেডেল তুলে দেওয়া হয়।
চলেন হাঁটি’র উদ্যোক্তা আলম পলাশ বলেন, প্রতিদিন এখানে নারী ও পুরুষরা আলাদাভাবে দুই ঘণ্টা করে হাঁটাহাঁটি করেন। বছরে একবার হাঁটা ম্যারাথনের আয়োজন করে সবাইকে আরও উৎসাহিত করার চেষ্টা করা হয়।
নিয়মিত হাঁটাহাঁটির মাধ্যমে মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করাই তাদের লক্ষ্য বলেও জানান তিনি।
