২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত ৫০

আহতদের মধ্যে গুরুতর আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 10:13 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ভৈরব থানার ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ।

নিহত কাইয়ূম মিয়া (৪০) ওই গ্রামের রমিজ উদ্দিন মিয়ার ছেলে। 

আহতদের মধ্যে শান্ত, লিটন, সায়েম, মোস্তাক, ফাইজুল, রাবেয়া বেগম, মিলন, সালাম, সোয়েব, কাদির, মাইনুদ্দিন, সেলিম, বানেছা খাতুন, রফিকুল, হাছান এবং আরজ আলী ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছেন।

আহতদের মধ্যে গুরুতর আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৌটুপি গ্রামে সরকারবাড়ি ও কর্তাবাড়ির মধ্যে ৫২ বছর ধরে বিরোধ চলে আসছে। দুই বাড়ির বিরোধে এ পর্যন্ত এক ডজনেরও বেশি মানুষ খুন হয়েছেন।

বর্তমানে সরকারবাড়ি অংশে আওয়ামী লীগ নেতা ও সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাফায়েত উল্লাহ নেতৃত্বে আছেন। অপরদিকে কর্তাবাড়ির নেতৃত্বে আছেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা তোফাজ্জল হোসেন।

১৯ জুলাই ঈদুল আজহার আগের দিন ফুটবল খেলা নিয়ে কর্তাবাড়ির নাদিম সরকারবাড়ির লোকজনের হাতে খুন হন। এ ঘটনার কয়েকদিন পর ১৩ সেপ্টেম্বর নাদিম হত্যার বদলা নিতে কর্তাবাড়ির লোকজনের হাতে সরকারবাড়ির ইকবাল মিয়া খুন হন।

এ ঘটনাকে কেন্দ্র করে সেই সময় দুপক্ষের কয়েকশ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খুনের ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করেন।

এর মধ্য কর্তাবাড়ির নাদিম হত্যা মামলার আসামিরা আদালত থেকে জামিন পেয়ে বাড়িতে ফেরেন। তবে সরকারবাড়ির ইকবাল হত্যা মামলার আসামিরা জামিন পাননি। 

এই অবস্থায় বৃহস্পতিবার গ্রামে আবার দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। 

দুপুরে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র রামদা, লাঠি, বল্লম, তীরসহ ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কাইয়ূম মিয়া বল্লমের আঘাতে মারা যান। এ সময় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।

গুরুতর আহতদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিরা উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল আহম্মেদ।

সরকারবাড়ির ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ বলেন, “কর্তাবাড়ির নাদিম মারা গেলে আমাদের গোষ্ঠীর কমপক্ষে ২০০ বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। 

“গেল ৫২ বছর ধরে তোফাজ্জল হক তার লোকজন নিয়ে আমাদেরকে অত্যাচার-নির্যাতন করছে। তারা আমার দুই ভাইকে হত্যা করেছে। আজকে আরেকজনকে হত্যা করল তারা।”

কর্তাবাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক বলেন, “আমার বংশের লোকজন পলাতক জীবন থেকে বাড়িতে ফিরলে সরকারবাড়ির লোকজন হামলা চালায়। এতে সংঘর্ষের সৃষ্টি হয়। 

“আমরা কারো ওপর অত্যাচার নির্যাতন করি না। তবে সরকারবাড়ির লোকজনের অত্যাচারে আমরা অতিষ্ঠ। এ পর্যন্ত আমার বংশের চারজনকে খুন করেছে তারা।”

ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, পাল্টাপাল্টি প্রতিশোধ নেওয়ার মনোবৃত্তি থেকে কিছুদিন পরপর তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেননি। কেউ আটক হয়নি।