নাটোরে কৃষককে পেটানোর ভিডিও, সাবেক এমপির পিএসের বিরুদ্ধে মামলা
শনিবার মারধরের শিকার মো. আব্দুল করিমের (৫৫) স্ত্রী তাহমিনা খাতুন বাদী হয়ে মামলা করেন।
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আম বাগানে এক কৃষককে পেটানোর অভিযোগে মামলা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীকে আসামি করা করা হয়েছে।
শনিবার দুপুরে মারধরের শিকার মো. আব্দুল করিমের (৫৫) স্ত্রী তাহমিনা খাতুন বাদী হয়ে মামলাটি করেন বলে জানান বাগাতিপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ।
মামলায় সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. তানসেন হিমেল (২৬), তার ভাই নিউটন মিয়াসহ চারজনকে আসামি করা হয়েছে।
কৃষককে আমবাগানে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, পূর্ববিরোধের জেরে ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বাগাতিপাড়ার কৈচরপাড়া এলাকার আব্দুল করিমের আমবাগানে ঢুকে রশি দিয়ে বেঁধে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় তানসেন হিমেল ও তার সহযোগীরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে জানতে মো. তানসেন হিমেলের মোবাইলে বেশ কয়েকবার ফোন দিলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তবে, স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করে তানসেন হিমেল বলেছেন, মারপিটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
বাগাতিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, “ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগে মামলা হয়েছে। অভিযোগের সময়ই মারপিটের ভিডিও দেখিয়েছেন উনারা। আসামিরা বাড়ি থেকে পালিয়েছে, তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।”
