Published : 01 Sep 2025, 07:21 PM
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে এক কিশোরীর প্রাণ গেছে; নিখোঁজ রয়েছে আরও একজন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নে নদীর মাধব ঘাটে এ ঘটনা ঘটে বলে জানান বীরগঞ্জ ফায়ার স্টেশনের সাব-অফিসার মসলেম উদ্দীন।
মৃত রুকাইয়া আকতার (১৩) কাহারোল উপজেলার মুর্শিদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। নিখোঁজ আলিফ নুর (১২) একই এলাকার আলমগীরের মেয়ে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মসলেম উদ্দীন বলেন, পার্শ্ববর্তী উপজেলার পাঁচজন শিশু-কিশোরী আত্রাই নদীর মাধব ঘাটে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে রুকাইয়া ও আলিফ পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হয়।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে দুপুর ১টার দিকে রুকাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন। গভীরতা বেশি থাকায় অপর কিশোরীকে উদ্ধারের জন্য রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করেছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ আলিফকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।