Published : 21 May 2025, 07:44 PM
রাজবাড়ীর পাংশায় উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী এবং মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নে এবং বিকালে রাজবাড়ী-কুষ্টিয়া অঞ্চলিক মহাসড়কের মাছপাড়া ইউনিয়নের পাগলার মোড় এসব ঘটনা ঘটে বলে জানান পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন।
নিহতরা হলেন- কুষ্টিয়ার খোকশা উপজেলার কমলাপুর এলাকার প্রয়াত হাবু শেখের ছেলে কোরবান শেখ (৫৫), একই উপজেলার জানিপুর এলাকার প্রয়াত ফণীভূষণ রায়ের ছেলে অশোক কুমার রায় (৬৫) এবং পাংশায় উপজেলার হাবাসপুর মাঠপাড়া গ্রামের বাসিন্দা লোকমান হোসেন (৪৮)।
পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সবুজ মিয়া বলেন, পাংশা থেকে কোরবান ও অশোক মোটরসাইকেলে কুষ্টিয়ার খোকসায় যাচ্ছিলেন। পথে একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলেটি সড়কে পড়ে যায়। এ সময় ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। চালককে আটকের চেষ্টা চলছে।
একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাবাসপুর বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী লোকমান নিহত হয়েছেন।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, লোকমান রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।