গোপালগঞ্জে দুদিন পর মিলল নিখোঁজ শিশুর লাশ, পরিবারের দাবি হত্যা
মেয়েটির কানে থাকা স্বর্ণের দুল ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে নিখোঁজের দুই দিন পর এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির কানে থাকা স্বর্ণের দুলের লোভে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল বাজারের পশ্চিম পাশের বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।
নিহত সিনথিয়া খানম বৃষ্টি (৭) উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের লিটন শেখের মেয়ে। সে পাংখারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
লিটন শেখ বলেন, রোববার বিকালে বৃষ্টি তারাইল বাজারে গিয়ে আর বাড়ি ফেরেনি। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। সন্ধান না পেয়ে সোমবার কাশিয়ানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বৃষ্টির মা পাপিয়া বেগম।
“বিকালে তারাইল বাজারের পাশে বাগানে বৃষ্টির লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। বৃষ্টির কানে স্বর্ণের দুল ছিল; যা পাওয়া যায়নি। কানের দুল ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বৃষ্টির বাবা।
ওসি মাহফুজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। শিশুটিকে হত্যা করে লাশ বাগানেন ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনার জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
