Published : 15 Apr 2026, 06:46 PM
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অস্ত্রোপচার পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেসরকারি একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলার ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয় বলে জানান চুয়াডাঙ্গা সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসক আওলিয়ার রহমান।
সেইসঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কাগজপত্র ছাড়াই এক ব্যক্তিকে রক্ত দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চলতি মাসের ৭ ও ১৩ এপ্রিল আলমডাঙ্গা থানা রোডে অবস্থিত ওই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় লাবনী আক্তার ও পারুলা মারা যান। অভিযোগ রয়েছে, অপারেশনের পর সৃষ্ট জটিলতার কারণে তাদের মৃত্যু হয়।
ভুক্তভোগীদের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জনের প্রতিনিধি আওলিয়ার রহমান এবং উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী হাকিম শাকিল শফিউল্লাহ নেতৃত্বে ক্লিনিকটিতে অভিযান চালানো হয়। অভিযানে র্যাব ও পুলিশের একটি দল সহযোগিতা করে।
ঘটনাটি আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন চিকিৎসক আওলিয়ার রহমান।