২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ‘এ’ ইউনিটে প্রশ্নপত্রে ভুল, নির্দিষ্ট শিক্ষার্থীরা পাবেন পাঁচ নম্বর

এক দিন আগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটে তিন নম্বর সেটের ৩ ও ১৭ নম্বর প্রশ্নে মাত্র দুটি অপশন এবং ১৪ ও ১৬ নম্বর প্রশ্নে পাঁচটি অপশন দেওয়া হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 07:44 PM

Updated : 07 Mar 2024, 07:44 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটের প্রশ্নপত্রে চারটি ভুল পাওয়া গেছে। 

সমালোচনার মুখে ওই শিফটের সব পরীক্ষার্থীকে চারটি প্রশ্নের পূর্ণাঙ্গ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ওই ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক একরাম উল্যাহ জানিয়েছেন।

তিনি বলেন, “‘এ’ ইউনিটের গ্রুপ-২ এর ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের তিনটি সেট ছিল। সেক্ষেত্রে তিন নম্বর সেটের সঙ্গে মিল রেখে বাকি দুই সেটের প্রশ্নপত্রে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে ১ দশমিক ২৫ করে মোট ৫ নম্বর দেওয়া হবে এবং সে অনুযায়ী মেধা তালিকা তৈরি করব। 

“যেহেতু প্রত্যেক গ্রুপ থেকে সমসংখ্যক শিক্ষার্থী নেই। সেহেতু কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন না।”

এর আগে বুধবার অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটের তিন নম্বর সেটের ৩ ও ১৭ নম্বর প্রশ্নে চারটি অপশনের জায়গায় মাত্র দুটি অপশন এবং ১৪ ও ১৬ নম্বর প্রশ্নে পাঁচটি করে অপশন দেখা যায়।