২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পরিত্যক্ত বাড়িতে তরুণের লাশ, গলায় লোহার চেইন

নিহতের বাবা বলেন, স্থানীয় কয়েকজন মাদকাসক্ত যুবকের সঙ্গে চলাফেরা করতে করতে সে নিজেও মাদক সেবন শুরু করে।

নারায়ণগঞ্জে পরিত্যক্ত বাড়িতে তরুণের লাশ, গলায় লোহার চেইন

ফতুল্লা মডেল থানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2022, 11:48 PM

Updated : 07 Oct 2022, 12:26 AM

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নতুন হাজীগঞ্জের একটি বাড়ির ভেতর থেকে মরদেহটি উদ্ধার হয় বলে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানা জানান।

নিহত ইমন (২২) ওই এলাকার মুক্তিযোদ্ধা সড়কের বাসিন্দা ইব্রাহীম হোসেনের ছেলে।

পরিদর্শক রানা বলেন, গলায় লোহার চেইন ও দড়ি পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়; দেহে ছুরিকাঘাতের চিহ্নও আছে। নির্যাতনের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, কয়েক বছর আগে ইমনের বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়। দুজনে আবারও বিয়ে করে সংসার শুরু করেন। তবে ইমন বাবা-মার সঙ্গে থাকতেন না; হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন। ইমনের বিরুদ্দে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল।

তার বাবা ইব্রাহিম হোসেন বলেন, “স্থানীয় কয়েকজন মাদকাসক্ত যুবকের সঙ্গে চলাফেরা করতে করতে আমার ছেলে নিজেও মাদক সেবন শুরু করে। অনেক চেষ্টা করেও এ পথ থেকে ওরে ফেরাতে পারিনি। মাদক নিয়েই কারও সঙ্গে বিরোধের জেরে সে খুন হয়েছে; এছাড়া কারও সঙ্গে ওর ঝগড়া থাকার কথা না।”

পরিদর্শক মাসুদ রানাও বলছেন, মাদক নিয়ে দ্বন্দ্বে এ খুন হতে পারে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ইমনের বাবা।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।