মাগুরায় যুবদল, ছাত্রদলের ৭ নেতাকর্মী আটক
আটকদের শনিবার দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
মাগুরায় যুবদল-ছাত্রদলের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তারা খুলনায় সমাবেশে যোগ দেওয়ার যাচ্ছিলেন দাবি করলেও পুলিশ বলছে আটকরা সবাই নিয়মিত মামলার আসামি।
মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে শহরের হাইওয়ে সড়কে উপজেলা পরিষদের সামনে থেকে সাত জনকে আটক করা হয়। তারা সদর থানার নিয়মিত মামলার আসামি।
তবে জেলা যুবদলের সভাপতি অ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল অভিযোগ করে বলেন, ওই নেতা-কর্মীরা খুলনা সমাবেশে যোগ দেওয়ার জন্য রাতে একটি ট্রাকে করে যশোর যাচ্ছিলেন। তাদের সকালে যশোর থেকে ট্রেনে করে খুলনা যাওয়ার কথা ছিলো। কিন্তু পুলিশ কোনো অপরাধ ছাড়াই তাদের আটক করেছে।
আটকদের শনিবার দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোস্তাফিজুর।
