লজ্জা থাকলে বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করতেন: মোকাব্বির
দেশের মানুষ আজ অসহায়, দ্রব্যমূল্য মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নেই বলেও উল্লেখ করেন সংসদ সদস্য।
অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা এবং অসৎ রাজনীতিবিদ মিলেই বাজারে সিন্ডিকেট সৃষ্টি করে রাষ্ট্রকে জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “সেই সিন্ডিকেট ইচ্ছেমত দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। তাছাড়া বাণিজ্যমন্ত্রী স্বীকার করেছেন, তিনি বাজার সিন্ডিকেটে হাত দিতে পারছেন না। কেন হাত দিতে পারছেন না; কারণ উনি নিজেও একজন ব্যবসায়ী।
“তাই আমরা যখন বাজারে যাই, তখন মানুষের মুখে শুনতে পাই বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেটের হোতা এবং সেই সিন্ডিকেটই তাকে বাণিজ্যমন্ত্রীর জায়গায় বসিয়ে রেখেছে। লজ্জা থাকলে তিনি পদত্যাগ করতেন।’’
বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মজলিশপুর ও মজনপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের মানুষ আজ অসহায়, দ্রব্যমূল্য মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নেই বলেও উল্লেখ করে মোকাব্বির খান।
বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মজিদের সভাপতিত্বে ও সংগঠক মাওলানা শাহিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী চক্রবর্তী, সহকারী শিক্ষক শামীম আহমদ, আব্দুর রহমান, হাবিব খান, কাওছার আহমদ মাসুম, ফয়সল আহমদ, মজলিশপুর যুব সংঘের সাধারণ সম্পাদব হাবিবুর রহমান, আব্দুস সালাম।
