Published : 17 Nov 2022, 10:24 PM
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক আলমসাধু চালককে শ্বাসরোধে হত্যার ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার ভালকী গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে হরিণাকুণ্ডু থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান।
নিহত জসিম উদ্দিন (৩৫) ওই গ্রামের নাজির উদ্দিনের ছেলে।
ওসি মো. সাইফুল ইসলাম জানান, বুধবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন জসিম উদ্দিন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
বৃহস্পতিবার সকালে গ্রামের কৃষি শ্রমিকরা মাঠে ধান কাটতে যাওয়ার পথে মেহগনি বাগানে জসিমকে পড়ে থাকতে দেখে।
খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জসিমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বলেন, “জসিমকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।”
তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।