২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ‘ধর্ষণে’ কিশোরী অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ৫

তাছাড়া গর্ভপাত করিয়ে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 09:51 PM

Updated : 23 Aug 2022, 09:51 PM

ফরিদপুরে এক কিশোরী ‘ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার’ পর পরিবার মামলা করেছে।

মঙ্গলবার সকালে কোতোয়ালি থানায় কিশোরীর মা এই মামলা বরেন বলে ওসি এমএ জলিল জানান।

মামলায় অভিযোগ করা হয়, সদর উপজেলার এমারত মেম্বারের ডাঙ্গি গ্রামের শেখ সুজন (২৩) এই কিশোরীকে পাঁচ মাস আগে ধর্ষণ করেন। কয়েক মাস পর কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারে পরিবার। তখন সুজনের পরিবার প্রভাব খাটিয়ে সালিশ বসায়।

কিশোরীর মা বলেন, “গর্ভপাত করিয়ে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করে সুজনের পরিবার। তারা সালিশের নামে ভুয়া কাবিননামায় বিয়েরও আয়োজন করেছিল।”

খবর পেয়ে পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায় পুলিশ।

ওসি জলিল বলেন, কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে তার মা ১০ জনের নামে মামলা করেছেন। তাদের মধ্যে প্রধান আসামি সুজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত অপর চারজন হলেন একই এলাকার ফজল শেখ (৫৫), ফরহাদ পত্তনদার (৫০), কামাল বেপারী (৫০) ও শেখ শামু (৫৮)।

পাঁচজনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি জলিল।