১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় ক্ষেতে পাওয়া সাত স্থলমাইন নিষ্ক্রিয়

“ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এসব স্থলমাইন পুঁতে রাখে।”

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 06:57 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

চুয়াডাঙ্গায় ধান ক্ষেতে উদ্ধার করা সাতটি স্থলমাইন নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাঠে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম ডিসপোজাল টিম নিরাপদে এসব মাইন নিষ্ক্রিয় করে। মাইনগুলো নিষ্ক্রিয়ের সময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডুলীর সৃষ্টি হয়।

২৮ ফেব্রুয়ারি বিকালে গ্রামের কৃষকরা জমি চাষের সময় স্থলমাইন সদৃশ বস্তু দেখতে পান। পরে খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো শনাক্ত করে। প্রায় এক মাস পর সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হল।

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মির্জা শহিদুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এসব স্থলমাইন পুঁতে রাখে।”

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প (৩৬ এডি) এর ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, নির্বাহী হাকিম মির্জা শহিদুল ইসলাম, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এবং ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ খালিদ।