কুড়িগ্রামে প্রথমবারের মত ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার
অভিযানে ১০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ আইস’ এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
কুড়িগ্রামে প্রথমবারের মত অতি উচ্চমাত্রার মাদক ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই জান্নাতুল ফিরদৌস বলেন, বুধবার বিকালে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রাম থেকে ১০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ আইস’ এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. শাহিন খান (২৮) ওই গ্রামেরই বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ‘ক্রিস্টাল মেথ আইস’ একটি অত্যন্ত উচ্চমাত্রার ও ভয়ঙ্কর মাদক। এর আগে, দেশে বিভিন্ন সময়ে সীমিত পরিসরে উদ্ধার হয়েছে। তবে কুড়িগ্রামের প্রথমবারের মত এটি উদ্ধার হল।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
