২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরে বিচার হয়নি: মহিপালে নিহতদের পরিবারে হতাশা-আক্ষেপ

“জুলাই অভ্যুত্থানে আমার একমাত্র ছেলে শ্রাবণকে আমি হারিয়েছি। এক বছর হতে চলল এখনও আমার ছেলে হত্যার বিচার শুরু হয়নি।”

বিডিনিউজ২৪

নাজমুল হক শামীম. ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 05:56 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

ফেনীর মহিপালে গত বছর জুলাইয়ে হত্যার ঘটনায় সদর মডেল থানায় দায়ের করা সাতটি হত্যা ও ১৫টি হত্যাচেষ্টার মামলার মধ্যে একটির অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

গত বছরের ৫ অগাস্ট সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপর নির্বিচারে হামলা যে চলেছিল, তা থেকে রেহাই পায়নি ফেনীও। 

হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার একদিন আগে ৪ অগাস্ট গুলিতে নিহত হন আটজন। পরে সাতজনের পরিবারের স্বজনরা থানায় হত্যা মামলা করেন। 

এক বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি কোনো মামলার বিচারকাজ। ছেলে হারানোর কান্না বুকে চেপে বিচারের প্রত্যাশায় দিন গুনছেন স্বজনরা। 

ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলোর মধ্যে গত ৩১ জুলাই ফেনীর আদালতে কলেজ শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলর অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। ওই অভিযোগপত্রে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২২১ জনের নাম রয়েছে।”

সাঈদ হত্যার পর ফেনীতে ক্ষোভ

জুলাইয়ে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলেও ফেনীতে মধ্য জুলাই থেকে সক্রিয় হতে থাকে শিক্ষার্থীরা। রংপুরে আবু সাঈদ হত্যার পরপরই ফেনীতে ক্ষোভে ফুঁসে উঠে শিক্ষার্থী ও সাধারণ জনগণ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা প্রতিনিয়ত সড়কে নেমে বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকে মাসজুড়ে। প্রতিদিনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ ও পুলিশ। 

গত বছরের ৪ অগাস্ট ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’। এদিন সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হতে থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায়। এ সময় হাতে লাঠি ও ইটের টুকরো হাতে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। 

বিক্ষোভ চলার মধ্যেই শহরের পৌরসভা চত্বর থেকে মোটরসাইকেলে করে তৎকালীন সংসদ সদস্য ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে তৎকালীন সরকারদলীয় সশস্ত্র কর্মীরা বিক্ষোভ মিছিল করে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক দিয়ে মহিপালে এগুতে থাকে। 

পরে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা ছাত্র-জনতার উপর হামলা চালায়। তাদের নির্বিচারে গুলিবর্ষণে ঘটনাস্থলেই মারা যায় পাঁচ শিক্ষার্থী। গুলিবিদ্ধ হয় আরও শতাধিক শিক্ষার্থী, সাংবাদিক ও সাধারণ মানুষ। 

আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথে আরও তিনজনের মৃত্যু হয়। ওইদিন সন্ধ্যার পর শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

৫ অগাস্ট সকালে ফেনীর ট্রাংক রোড এলাকায় ছাত্র জনতার সঙ্গে আওয়ামী লীগের লোকজনের আরেক দফা সংঘর্ষ হয়। দুপুরে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে যায় আওয়ামী লীগের অস্ত্রধারীরা। 

মামলার যা অবস্থা 

ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, জুলাইজুড়ে হামলা ও সংঘর্ষে এবং ৪ অগাস্ট মহিপালের গণহত্যার ঘটনায় ফেনী সদর মডেল থানায় সাতটি হত্যা মামলা ও ১৫টি হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছে। 

এই ২২টি মামলায় এজহারনামীয় আসামি হয়েছেন দুই হাজার ১৯৯ জন ও অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে চার হাজারেরও বেশি মানুষকে। বিগত এক বছরে এজহারনামীয় ও অজ্ঞাত পরিচয় মিলিয়ে সহস্রাধিক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। 

এদের মধ্যে ১১ জন ঘটনার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

পুলিশ সুপার বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলোর মধ্যে গত ৩১ জুলাই ফেনীর আদালতে কলেজ শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলর অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। ওই অভিযোগপত্রে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২২১ জনের নাম রয়েছে। 

“অপর মামলাগুলো দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।”

নিহতদের স্বজন ও আহতদের হতাশা 

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে মহিপালের গণহত্যায় নিহত স্বজনদের চোখের জল এখনও ফুরায়নি। সন্তান হত্যার বিচারের আশায় দীর্ঘ এক বছর বুক বেঁধে আছেন তারা। 

ফুলগাজী ইউনিয়নের আনন্দপুর ইউনিয়েনের শহীদ ইফতিয়াক আহমদ শ্রাবণ তাদের একজন। আন্দোলনের সময় গুলিতে নিহত তিনি। 

তার মা ফাতেমা আক্তার শিউলি বলেন, “জুলাই অভ্যুত্থানে আমার একমাত্র ছেলে শ্রাবণকে আমি হারিয়েছি। এক বছর হতে চলল এখনও আমার ছেলে হত্যার বিচার শুরু হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার এখনও জুলাই সনদ ঘোষণা করেনি।

“ছেলেকে তো আর ফিরে পাবো না। ছেলে হত্যার বিচার দ্রুত দেখে যেতে চাই।” 

আহত সোনাগাজী উপজেলার বাসিন্দা মো. আবুল হাসান শাহিন বলেন, “আমার গলায় এখনো যে গুলিটি রয়েছে সেটি চিকিৎসকরা বের করতে পারেননি। আমরা যে আশা নিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম বিগত এক বছর অন্তর্বর্তীকালীন সরকার কাছ থেকে দেশ পরিবর্তনের এমন কোনো প্রত্যাশা মেলেনি। 

“কয়েকটি রাজনৈতিক দল আবারও আওয়ামী ফ্যাসিস্টের কায়দায় অবতীর্ণ হচ্ছেন। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, আর কোনো শিক্ষার্থীকে যেন সড়কে নেমে আন্দোলন করে সরকার পরিবর্তন করতে না হয় সেজন্য সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

শহীদদের স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগ

ফেনীতে গণঅভ্যুত্থানে শহীদ ১০ জনের স্মৃতি রক্ষায় উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ফেনী পৌরসভার পক্ষ থেকে চলতি বছরের ২৬ মার্চ জুলাই-২৪ শহীদ চত্বর তৈরি করা হয়। যার মাঝে বাংলাদেশের মানচিত্র খচিত রয়েছে। 

শহীদ চত্বরে চারপাশে ১০ জন শহীদের নামফলক খচিত রয়েছে। এটি নির্মাণে পৌরসভার রাজস্ব খাত থেকে ২৬ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

অপরদিকে ফেনী শহরের ডাক্তারপাড়ার মুক্তবাজার এলাকায় সরকারি খাস জমিতে শহীদদের স্মৃতি রক্ষায় নির্মিত হচ্ছে স্মৃতিস্তম্ভ। 

এ ছাড়া গণহত্যার স্থান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে জেলার শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমরি’ স্থাপন করা হবে। 

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন বলেন, “গণঅভ্যুত্থানে যেসব তরুণ শহীদ হয়েছেন ও তাদের পরিবার যে ত্যাগ স্বীকার করেছে, তা কখনো অবমূল্যায়ন করা হবে না। আমরা সবসময় সেই ত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং যথাযথ মূল্যায়নের চেষ্টা করি। 

“শহীদদের স্মৃতি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় আমরা সব কিছু করতে সচেষ্ট রয়েছি।” 

নিহতদের স্মরণে কর্মসূচি 

ফেনীতে ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গণহত্যার স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি ফেনীর সংগঠকরা।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল ছয় লেন ফ্লাইওভারের নিচে এবং পাসপোর্ট কার্যালয়ের সামনে প্রায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় এনসিপির ফেনী জেলা সংগঠক মুহাইমিন তাজিম, আবদুল্লাহ আল যোবায়ের, আবদুল কাইয়ুম সোহাগ, আবদুল আজিজ, সানাউল্লাহ রাশেদ, মুজাহিদ ইসলাম, সৌরভ হোসেন শাকিল, ওমর ফারুক, যুবশক্তির কেন্দ্রীয় সদস্য পারভেজ হোসেন, ছাত্র প্রতিনিধি সালমান হোসেন, রাশেদুল ইসলাম, তামিম, ওয়াসি, ফাহিম ও মুয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে বাদ জোহর নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।