লরির ধাক্কায় আহত বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ক্ষতিপূরণ পেয়ে উঠল অবরোধ
শিক্ষার্থীর চিকিৎসা এবং মোটরসাইকেলের ক্ষতিপূরণ বাবদ চার লাখ টাকা দেওয়া হয়।
আন্দোলনের মুখে তেলবাহী লরির ধাক্কায় আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
ক্ষতিপূরণসহ চার দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রোববার দুপুর থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে ব্যাপক যানজট তৈরি হয়।
পরে বিকালে উপাচার্যের কার্যালয় কক্ষে আন্দোলনরত শিক্ষার্থী ও বরিশাল বিভাগীয় পেট্রোল পাম্প ও ট্যাংক লরি সমিতির নেতারা বৈঠকে বসেন। তারপর শিক্ষার্থীর চিকিৎসা এবং মোটরসাইকেলের ক্ষতিপূরণ বাবদ চার লাখ টাকা দেওয়া হয়।
এদিকে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করায় তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভিপি তৌসিফ আলম সাংবাদিকদের বলেন, শনিবার দুপুর ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে একটি তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী তামিম হোসেন গুরুতর আহত হন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সমাধানের আশ্বাস দেয়। রোববার দুপুর পর্যন্ত বিষয়টি সমাধান না হওয়ায় চার দাবিতে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
তাদের দাবির মধ্যে ছিল- দ্রুত বিশ্ববিদ্যালয় ফাঁড়িতে পুলিশ মোতায়েন, ঘাতক চালককে গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাফিক পুলিশ নিয়োগ ও আহত শিক্ষার্থীকে ক্ষতিপূরণ।
বৈঠকে উপস্থিত ছিলেন আহত শিক্ষার্থীর বাবা শহিদুল ইসলাম, বরিশাল বিভাগীয় পেট্রোল পাম্প ও ট্যাংক লরি সমিতির সাধারণ সম্পাদক মীর আহসান উদ্দিন পারভেজ, সহসভাপতি মীর জিয়া উদ্দিন মিজান, বরিশাল বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এ কে এম শহিদুল্লাহ, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
সভায় আহত শিক্ষার্থীর বাবা শহিদুল ইসলামের কাছে চার লাখ টাকা হস্তান্তর করেন বরিশাল বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এ কে এম শহিদুল্লাহ।
পরে শহিদুল ইসলাম বলেন, “তেলের গাড়ির সঙ্গে দুর্ঘটনার পর ট্যাংক-লরি মালিক সমিতি আমাদের পাশে দাঁড়িয়েছে এবং চিকিৎসার ভার বহন করেছে।”
বরিশাল বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এ কে এম শহীদুল্লাহ বলেন, শিক্ষার্থীর চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল মেরামতের জন্য চার লাখ টাকা দেওয়া হয়েছে। এরপর শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছে।
