২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মফিজ মাঝির জালে সাড়ে ৩ কেজির ইলিশ, লক্ষ্মীপুরে বিক্রি ১০ হাজারে

মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুর আগের দিন এ খবর আড়তে বিশেষ আলোচনা তৈরি করেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 01:03 AM

Updated : 26 Aug 2026, 02:24 PM

বঙ্গোপসাগরে লক্ষ্মীপুরের এক জেলের জালে প্রায় সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে; যা বিক্রি করে তিনি পেয়েছেন ১০ হাজার টাকা।

শুক্রবার দুপুরে জেলার রামগতির মাছঘাটের আড়তে ডাকে (নিলাম) বড় আকারের মাছটি ১০ হাজার টাকায় কিনেছেন এক পাইকারি ব্যবসায়ী।

রামগতির মফিজ মাঝির জালে বৃহস্পতিবার কোনো এক সময়ে ধরা পড়া মাছটি হেলাল ব্যাপারীর আড়ত থেকে নিলামে কিনেছেন অজি উল্যাহ নামে এক মাছ ব্যবসায়ী।

মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুর আগের দিন এ খবর মাছের আড়তে বিশেষ আলোচনা তৈরি করেছে। শুক্রবার মধ্যরাত থেকে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এর আগে লক্ষ্মীপুরের মাছঘাটগুলোতে দিনব্যাপী ইলিশ ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে।

সাড়ে তিন কেজির ইলিশ পেয়ে উৎফুল্ল মফিজ মাঝি বলেন, ১০ জন জেলেকে নিয়ে তি দিন আগে সাগরে মাছ ধরতে যান তিনি। বৃহস্পতিবার রাতে সাগরে জাল ফেললে বড় ইলিশটি ধরা পড়ে।

রামগতির আড়তের মাছ ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু বলেন, মধ্যরাত থেকে নদীতে ইলিশ ধরা বন্ধ। অভিযানের আগে ঘাটে এত বড় একটি ইলিশ দেখে সত্যিই ভালো লাগছে। মফিজ মাঝি ইলিশটিসহ প্রায় আড়াই লাখ টাকার মাছ বিক্রি করেছে।

আড়তদার হেলাল ব্যাপারী বলেন, তার আড়তে এই প্রথম একটি ইলিশ মাছ এত দামে বিক্রি হয়েছে।

ঢাকায় ভালো দাম পাওয়ার আশায় নিলামে মাছটির ক্রেতা অজি উল্যাহ ব্যাপারী বলেন, প্রায় সাড়ে ৩ কেজির মাছটি ১০ হাজার টাকায় কিনে ঢাকার মোকামে পাঠিয়েছেন। এত বড় ইলিশ মাঝে মধ্যে ধরা পড়ে। মোকামে বড় ইলিশের দাম বেশি, চাহিদাও বেশি।