২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল কিশোরের

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শাহজাদপুর থানার এসআই এমদাদ হোসেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 05:32 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

বন্ধুরা মিলে মহাসড়কে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালানোর সময় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আরো একজন আহত হয়েছেন। 

রোববার দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শাহজাদপুর থানার এসআই এমদাদ হোসেন।

নিহত মো. রুহান (১৭) উল্লাপাড়া উপজেলা সদরের বাসিন্দা। আহত বাদশা একই উপজেলার সানোয়ার হোসেনের ছেলে।  

এসআই এমদাদ হোসেন বলেন, তিনটি মোটরসাইকেলে কয়েক কিশোর-তরুণ উল্লাপাড়া থেকে পাবনার দিকে প্রচণ্ড গতি ও বিকট শব্দে ছুটছিল। একপর্যায়ে একটি মোটরসাইকেল আরেকটির সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা খায়। 

এতে ঘটনাস্থলে চালক রুহানের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরোহী বাদশাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয় বলে জানান এসআই।