ময়মনসিংহে মিনি বাস উল্টে চালকের সহকারীসহ নিহত ২
যাত্রীবাহী বাসটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে যায়।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি মিনি বাস উল্টে চালকের সহকারীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ছয় যাত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভালুকা হাইওয়ে থানার ওসি মেহেদী মাসুদ।
নিহতরা হলেন- উপজেলার বিরুনীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে শাহজাহান সিরাজ (৪০) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার জগন্নাথদিয়া এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে বাস চালকের সহকারী মোহাম্মদ অনিক মিয়া (২৮)।
আহতদের মধ্যে চারজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী মিনি বাস পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা একাধিক যাত্রী আহত হন। ঘটনাস্থলেই বাসের যাত্রী শাহজাহান মারা যান।
ওসি মেহেদী মাসুদ বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর বাস চালকের সহকারী অনিক মিয়া মারা যান।
