Published : 27 Jul 2026, 06:05 PM
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় হেরোইন বিক্রির মামলায় দুজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে একজনকে যাবজ্জীবন এবং অপরজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া হোসেন আলী (৩৫) সখীপুর উপজেলার কাহারতা রামখা পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড পাওয়া মো. হিরু মিয়া ওরফে হায়দার (৫৫) সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য।
তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর হিরু মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। তবে হোসেন আলী পলাতক রয়েছেন বলে জানিয়েছেন পিপি।
মামলার বরাতে পিপি মো. শফিকুল ইসলাম রিপন বলেন, ২০২৫ সালের ২২ জানুয়ারি রাতে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের-ডিবি একটি দল সখীপুর উপজেলার বড় চওনা-কালিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের সামনে অভিযান চালায়।
এ সময় হোসেন আলীর জ্যাকেটের পকেট থেকে ৯০ গ্রাম এবং হিরু মিয়ার পাঞ্জাবির পকেট থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পরে দুজনকে গ্রেপ্তার করে ২৩ জানুয়ারি সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
পিপি বলেন, তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় সাক্ষীদের বক্তব্য, রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত এ রায় দেন।