ময়মনসিংহে কিশোরীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৩
মুক্তাগাছা থানার ওসি বলেন, বৃহস্পতিবার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অটোরিকশায় উঠিয়ে নিয়ে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার রাতে কিশোরীর মা মামলা করেন। বৃহস্পতিবার বিকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আসামিরা হলেন- পংকজ দে (১৯), রোমান (২৩) ও এমরান হোসেন (৩২)।
মামলার বরাতে পুলিশ জানায়, ১৪ বছর বয়সী ওই কিশোরী ঢাকায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিশোরী ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মুক্তাগাছায় বাস থেকে নামে। পরে অটোরিকশায় বাড়ির কাছের একটি বাজারে নামে। তারপর হেঁটে সে বাড়ি উদ্দেশে রওয়ানা দেয়। তখন পথে তার সঙ্গে পংকজ দের দেখা হয়।
পংকজ তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি অটোরিকশাতে তুলে নেয়। সেখানে পংকজ, রোমান, এমরান ও আমির (২৮) ছিল। কিন্তু তারা অটোরিকশা ভিন্ন পথে ঘুরিয়ে একটি নির্জন স্থানে নিয়ে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ করে।
মামলায় বলা হয়, আসামিরা তাকে আটকে রাখে এবং স্থান পরিবর্তন করে বার বার ধর্ষণ করে। রাত ২টার দিকে তাকে একটি মৎস্য খামারের কাছে ফেলে রেখে যায়। পরদিন বুধবার দুপুরে স্থানীয়রা কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।
ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী বুধবার রাতে সালিশ করে। সেখানে তিনজনকে ডেকে আনা হয়। আমির বাড়ি থেকে পালিয়ে যায়। আসামিরা সালিশে ধর্ষণের কথা স্বীকার করে। পরে তিনজনকে পুলিশে দেওয়া হয়।
মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, বৃহস্পতিবার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি আমিরকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
